রাজউকে এখন থেকে আবেদন শুধু অনলাইনে


গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দীর্ঘসূত্রতা আর হয়রানি অবসানে সহজীকরণের মাধ্যমে রাজউকে শুরু হলো দ্রুত সেবা পাওয়ার যুগান্তকারী পরিবর্তন।স্বচ্ছতা আনার জন্য রাজউক তাদের সেবায় অনেক পরিবর্তন নিয়ে এসেছে এখন আর টেবিলে টেবিলে ধরনা দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না । এখন বাসায় বসে অনলাইনে নকশা  অনুমোদনসহ ছাড়পত্র ও অন্যান্য সেবা নেওয়া যাবে।
আজ বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন অটোমেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন । 
গণপূর্তমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সারা দুনিয়া এখন হাতের মুঠোয়।তাই এই হাতের মুঠোয় আনার স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় তাঁরই সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কার্যত বাংলাদেশকে আজ ডিজিটাল বাংলাদেশ পৌঁছে দিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন তোমার প্রথম কাজ হবে কর্মময় পরিবেশকে গতিশীল করা, স্বচ্ছতা ফিরিয়ে আনা।
রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে গণপূর্তমন্ত্রী বলেন, ‘মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বিত্ত-বৈভব বড় নয়।নৈতিকতাকে বড় করেন, মূল্যবোধকে বড় করেন। আসুন আমরা সবাই মিলে শুধু দৃশ্যমান উন্নয়ন নয়, নীতি-নৈতিকতায়, মূল্যবোধে উন্নত হই।’
রাজউকের চেয়ারম্যান মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন এবং মো. ইয়াকুব আলী পাটওয়ারী, রাজউকের সদস্য ও অন্য কর্মকর্তারা।
Post a Comment (0)
Previous Post Next Post